বিশেষ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি।।
চানখাঁরপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২২ জুন) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়।
আসামিরা হচ্ছেন শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
এদিন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন। আজ এই চারজনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হবে।
পলাতক অন্য তিন আসামি হলেন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ৫ আগস্ট চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ গত ২৫ মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে অভিযোগটি আমলে নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়ার আদেশ দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করবেন।